তিন রাকাত বিতর পড়ার সর্বোত্তম পদ্ধতি

 

তিন রাকাত বিতর পড়ার সর্বোত্তম পদ্ধতি হলো :
• বিতর নামাজের প্রথমে দুই রাকাত পড়ে সালাম ফিরানো, তারপর দাঁড়িয়ে পুনরায় এক রাকাত বিতর পড়ে সালাম ফিরানো।
• প্রথম রাকাতে সূরা আল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং শেষ রাকাতে সূরা ইখলাস, সূরা আল ফালাক ও সূরা নাস তিলাওয়াত করা। আর তিন রাকাতেই ফাতিহার পর সূরা মিলাতে হবে‌।
• আর এক সালামে তিন রাকাত পড়া মাকরুহ কারণ হাদিসে বিতর নামাজকে মাগরিবের নামাজের মতো করতে নিষেধ করা হয়েছে। তবে কেউ এক সালামে পড়লে শেষ রাকাতে একটি তাশাহহুদ পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকাই উত্তম।
[ তুহফাতুল মুহতাজ, ইবনু হাজার হাইসামি ২/২২৭ ]
আব্দুল্লাহ ইবনে উমর রা. বলেন,
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْصِلُ بَيْنَ الشَّفْعِ وَالْوِتْرِ بِتَسْلِيمٍ يُسْمِعُنَاهُ.
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোড় রাকাত ও বিতরের মাঝে সালামের মাধ্যমে আলাদা করতেন যা আওয়াজ উঁচু করে আমাদের শোনাতেন।’
[ আল ইহসান ফী তাকরীব সহীহ ইবনে হিব্বান ৬/১৯১ হা. ২৪৩৫; শোআইব আরনাউত বলেন, এর সনদ শক্তিশালী ]
সবথেকে বিশুদ্ধ সনদে ইবনে উমর থেকে এটি মাউকুফ হিসেবেও প্রমাণিত। ইমাম নাফে বলেন, আবদুল্লাহ বিন উমর বিতরের দুই রাকাত ও এক রাকাতের মাঝে সালাম ফিরাতেন, এমনকি তিনি তাঁর কোনো প্রয়োজনীয় কাজের জন্য আদেশও দিতেন। ইমাম মালিকের সূত্রে এটি ইমাম ইমাম বুখারি (হা. ৯৯১) এ নক্বল করেছেন আর ইমাম মালিক আল মুওয়াত্তায় ১/১২৫ বর্ণনা করেছেন।
বকর বিন আবদুল্লাহ আল মুযানী বলেন, ইবনে উমর দুই রাকাত নামাজ পড়লেন, তারপর সালাম ফিরালেন এবং বললেন, আমার অমুক উটনীটি আমার কাছে নিয়ে এসো। এরপর তিনি দাঁড়িয়ে এক রাকাত বিতর পড়লেন।
حدثنا هشيم قال: أنا منصور عن بكر بن عبد اللَّه المزني أن ابن عمر صلى ركعتين ثم سلم ثم قال: ادخلوا إليّ ناقتي فلانة ثم قام فأوتر بركعة.
[ মুসান্নাফ ইবন আবি শাইবাহ ৪/৪৯০ হা. ৬৯৮১; সাদ আস শাসরী বলেন, সহীহ ]
এই হাদিছকে ইবনু হাজার আসক্বালানী ফাতহুল বারী ২/৪৮২ এ সহিহ বলেছেন। এবং উপরোক্ত দুই বর্ণনাকেই শাইখ লতিফুর রহমান বাহরাইজী কাসেমী দেওবন্দী ত্বহাবীর শারহু মাআনীল আসার ২/৪২৪ এর তাহক্বিক এ (টিকায়) সহিহ বলেছেন।
মুহান্না বলেন, আমি আহমাদ ইবনু হাম্বলকে জিজ্ঞাসা করলাম, আপনি বিতরের ক্ষেত্রে কোন মত গ্রহণ করেন, দুই রাকাতের পর সালাম ফেরানো? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, কেন? তিনি বললেন, কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে দুই রাকাতের পর সালাম ফেরানোর বিষয়ে হাদিসগুলো অধিক শক্তিশালী ও সংখ্যায় বেশি।
وَقَالَ مهنا: سَأَلت أَحْمد إِلَى أَي شَيْء تذْهب فِي الْوتر تسلم فِي الرَّكْعَتَيْنِ؟ قَالَ: نعم. قلت: (لأي شَيْء) ؟ قَالَ: لِأَن الْأَحَادِيث فِيهِ أَقْوَى وَأكْثر عَن النَّبِي - صَلَّى الله عَلَيْهِ وَسلم - فِي الرَّكْعَتَيْنِ.
ইমাম আহমাদ ইবনু হাম্বল আরো বলেন—
أَكثر الحَدِيث وأقواه رَكْعَة، فَأَنا أذهب إِلَيْهَا.
'বিতর এক রাকাত হওয়ার বিষয়ে হাদিছ সংখ্যায় সবচেয়ে বেশি এবং সবথেকে শক্তিশালী, তাই আমি সেই মতই গ্রহণ করি।'
[ বাদরুল মুনির, ইবন মুলাক্কিন ৪/৩১০ ]

Post a Comment

নবীনতর পূর্বতন