আমরা সবাই চাই আমাদের রিজিক বাড়ুক। চাই জীবনে সচ্ছলতা আসুক। কিন্তু, কীভাবে রিজিক বৃদ্ধি পাবে, কীভাবে জীবনের স্বচ্ছলতা আসবে, তা আমরা জানি না। অথচ, রাসূলুল্লাহ (সা.) রিজিক বৃদ্ধি করার কিছু উপায় বলে গিয়েছেন।
আজ আপনাদের সাথে এমন ৩টি উপায়ের শেয়ার করছি, যার উপর আমল করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন, ইনশাআল্লাহ।
১. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা
রাসূলুল্লাহ (সা.) বলেছেন—যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার বয়স বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে।(সহিহ বুখারী: ২০৬৭)
আত্মীয়তার সম্পর্ক মানে শুধু ঈদে দেখা করা নয়। নিয়মিত খোঁজখবর নেওয়া, প্রয়োজনে সাহায্য করা, তাদের জন্য দোয়া করা—এসবই এর অন্তর্ভুক্ত।
চাচা-চাচী, মামা-মামী, খালা-ফুফু, ভাই-বোন—সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। মোবাইলে একটা ফোন দিন, কুশল জিজ্ঞেস করুন। এই ছোট্ট আমলই আপনার রিজিক ও বয়স দুটোই বাড়িয়ে দিবে।
২. নিয়মিত ইস্তিগফার করা (ক্ষমা চাওয়া)
আল্লাহ তা'আলা কুরআনে বলেছেন—আমি (নূহ আ.) বললাম, 'তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য বাগান ও নহর সৃষ্টি করবেন।' (সূরা নূহ: ১০-১২)
রাসূলুল্লাহ (সা.) বলেছেন—যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তার সকল সংকট থেকে উত্তরণের পথ করে দেন। সকল দুশ্চিন্তা দূর করে দেন এবং তাকে অকল্পনীয় উৎস থেকে রিজিক দান করেন। (সুনানে আবু দাউদ: ১৫১৮)
প্রতিদিন ১০০ বার ইস্তেকফার পাঠ করুন। যেকোনো সময়—হাঁটতে হাঁটতে, গাড়িতে বসে, কাজের ফাঁকে। দেখবেন, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিচ্ছেন, যা আপনি কল্পনাও করেননি।
৩. আল্লাহর উপর তাওয়াক্কুল করা (ভরসা করা)
রাসূলুল্লাহ (সা.) বলেছেন—যদি তোমরা আল্লাহর উপর প্রকৃতভাবে তাওয়াক্কুল করো, তাহলে তিনি তোমাদের রিজিক দেবেন যেভাবে পাখিদের রিজিক দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। (সুনানে তিরমিজি: ২৩৪৪)
তাওয়াক্কুল মানে কাজ ছেড়ে বসে থাকা নয়। পাখিরাও সকালে বের হয়, খোঁজ করে। কিন্তু তারা জানে, রিজিকদাতা একমাত্র আল্লাহ। আপনিও চেষ্টা করুন, পরিশ্রম করুন, কিন্তু ভরসা রাখুন শুধু আল্লাহর উপর। চাকরি, ব্যবসা, পড়াশোনা—সবকিছুতে সততা ও তাওয়াক্কুল রাখুন। দেখবেন, আল্লাহ পথ করে দিচ্ছেন।
রিজিক বৃদ্ধির জন্য এই আমলগুলো করে দেখতে পারেন। রিজিক শুধু টাকা-পয়সা কিংবা খাদ্য নয়; সময়ে বরকত, স্বাস্থ্যে বরকত, পরিবারে শান্তি, উত্তম সন্তান, উত্তম জীবনসঙ্গিনী—সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত।
☞ ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে-বুঝতে এবং মহা-জরুরী মাসয়ালাগুলো সহজে পেতে ইসলামিক অনুপ্রেরণা কে ফলো দিয়ে রাখুন!

একটি মন্তব্য পোস্ট করুন