স্ত্রীর দোয়া, স্বামীর পরিবর্তন-একটি হৃদয় ছোঁয়া ঘটনা

 


 আরবের এক ব্যক্তি রাগের মাথায় তার স্ত্রীকে খুব মারধর করল। সন্তানদের সামনেই এই ঘটনা ঘটায় ছোট ছোট বাচ্চাগুলো ভয়ে চিৎকার করে কাঁদতে লাগল।
মা সন্তানদের এই দশা দেখে আরও বেশি ভেঙে পড়লেন। স্বামী যখন তার মুখে আঘাত করল, স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, "আমি তো বাচ্চাদের কথা ভেবেই বেশি কষ্ট পাচ্ছি।"
এরপর জেদ করে স্ত্রী বললেন, "দাঁড়াও, এখনই গিয়ে তোমার নামে বড় নালিশ দেব!"
স্বামী তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, "বাইরে যাওয়ার অনুমতি তোমাকে কে দেবে? আমি তো ঘরের সব দরজা-জানালা আটকে দিয়েছি।"
স্ত্রী বললেন, "তুমি কি মনে করো এই বন্ধ দরজা-জানালা দিয়ে আমাকে আটকে রাখা যাবে? আমার নালিশ করার পথ সবসময় খোলা।"
স্বামী অবাক হয়ে বলল, "কীভাবে? তোমার মোবাইল তো আমার হাতে!"
স্ত্রী কোনো কথা না বলে সোজা বাথরুমে ঢুকে পড়লেন। স্বামী ভাবলেন, হয়তো বাথরুমের জানালা দিয়ে পালানোর চেষ্টা করবেন।
তিনি তড়িঘড়ি করে বাইরে জানালার নিচে গিয়ে পাহারা দিতে লাগলেন। কিন্তু অনেকক্ষণ কোনো শব্দ না পেয়ে তিনি ভেতরে ফিরে এসে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে রইলেন।
একটু পর স্ত্রী বের হয়ে এলেন। ওযুর পানিতে তাঁর মুখটা তখন টলমল করছে, আর ঠোঁটে এক মায়াবী হাসি। তিনি স্বামীর চোখের দিকে তাকিয়ে বললেন,
"আমি তোমার নামে তাঁর কাছে নালিশ করব, যাঁর নামে তুমি কসম কাটো। তাঁর কাছে পৌঁছাতে তোমার এই বন্ধ জানালা, তালা মারা ঘর বা কেড়ে নেওয়া মোবাইল—কোনো কিছুই বাধা হতে পারবে না। মনে রেখো, তাঁর দরজা চব্বিশ ঘণ্টাই খোলা।"
কথাটা শোনার পর স্বামীর দম্ভ যেন মুহূর্তেই ধুলোয় মিশে গেল। সে চুপচাপ চেয়ারে বসে পড়ল। স্ত্রী ঘরে গিয়ে জায়নামাজ বিছিয়ে লম্বা এক সেজদায় লুটিয়ে পড়লেন। স্বামী দূর থেকে অপলক তাকিয়ে রইলেন।
নামায শেষে স্ত্রী যখন মোনাজাতের জন্য হাত তুললেন, স্বামী দৌড়ে গিয়ে তাঁর হাত দুটো চেপে ধরলেন।
স্বামী বললেন, "সেজদাতে আমার বিরুদ্ধে যে বদদোয়া করেছ, সেটাই কি যথেষ্ট নয়? এখন আবার কেন হাত তুলেছ?"
স্ত্রী আবেগভরে বললেন, "তুমি কি ভেবেছ আমার সাথে আজ যা করেছ, এরপর আমি এত সহজে হাত নামিয়ে নেব?"
স্বামী লজ্জিত হয়ে বললেন, "আল্লাহর কসম! রাগের মাথায় আমি এসব করে ফেলেছি, ইচ্ছে করে নয়।"
স্ত্রী এবার এক চিলতে হাসি দিয়ে বললেন, "আমি জানি। আর সে জন্যই তো আমি সহজে হাত নামাব না। আমি তো বদদোয়া করছিলাম সেই শয়তানের জন্য, যে তোমাকে আজ রাগিয়ে দিয়েছিল। আমি কি এতই বোকা যে নিজের স্বামীর জন্যই বদদোয়া করব?"
একথা শুনে স্বামী অঝোরে কাঁদতে লাগল এবং স্ত্রীর হাতে চুমু খেয়ে কথা দিল, জীবনে আর কোনোদিন সে তার স্ত্রীর গায়ে হাত তুলবে না।
সংসার মানে কেবল একই ছাদের নিচে থাকা নয়, সংসার হলো একে অপরের ঢাল হওয়া। একজন আদর্শ স্ত্রী কেবল ধৈর্য ধরেন না, তিনি তাঁর ভালোবাসা দিয়ে স্বামীর ভেতরের পশুকেও পরাজিত করেন।
আল্লাহ আমাদের মা-বোনদের এই প্রজ্ঞা ও ধৈর্য দান করুন। আমিন।
© Salman Farsi 
আরবি থেকে অনূদিত

Post a Comment

নবীনতর পূর্বতন