মৃত ব্যক্তির খাটিয়া বহনের সময় নির্দিষ্ট দূরত্ব পর পর কাঁধ পরিবর্তনের বিধান

 মৃত ব্যক্তির খাটিয়া বহনের সময় নির্দিষ্ট দূরত্ব পর পর কাঁধ পরিবর্তনের বিধান


প্রশ্ন: আমাদের সমাজে একটি প্রথা প্রচলিত আছে যে, বাসা থেকে জানাজার খাটিয়া বের করার পর ৪০ কদম পর্যন্ত প্রতি ১০ কদম পর পর বহনকারীরা কাঁধ পরিবর্তন করেন। ইসলামি শরিয়তে কি এ ধরনের কোনো নির্দিষ্ট বিধান বা নিয়ম রয়েছে?

উত্তর:

না, শরিয়তে এমন কোনো বিধান নেই। এটি একটি মনগড়া প্রথা এবং ইসলামি দৃষ্টিকোণ থেকে এটিকে বিদআত (নতুন প্রবর্তিত আমল) হিসেবে গণ্য করা হবে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সুন্নাহ ও নির্দেশনা হলো, বাসা থেকে লাশ বের করার পর তা দ্রুত নিয়ে যাওয়া। নির্দিষ্ট করে ৪০ কদম গোনা বা প্রতি ১০ কদম পর কাঁধ পরিবর্তন করার শরিয়তসম্মত কোনো প্রয়োজন বা ভিত্তি নেই।

তবে বিবেচ্য বিষয়:

বহনকারীরা যদি বাস্তব প্রয়োজনে (যেমন: ক্লান্ত হয়ে গেলে বা ভারসাম্য রক্ষার জন্য) কাঁধ পরিবর্তন করেন তবে তাতে কোনো বাধা নেই। কিন্তু এটিকে শরিয়তের অংশ বা সওয়াবের কাজ মনে করে কোনো নির্দিষ্ট সংখ্যা বা দূরত্বের সাথে শর্তযুক্ত করার সুযোগ নেই।

উত্তর প্রদানে: ডক্টর শাইখ সাইফুল্লাহ মাদানি (সোর্স: NTV BD)


▪️উক্ত প্রথাটির স্বপক্ষে অনেকে একটি হাদিস বর্ণনা করে থাকেন কিন্তু তা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়।

হাদিসটি হল, আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:


 "مَنْ حَمَلَ جَوَانِبَ السَّرِيرِ الْأَرْبَعِ، كَفَّرَ اللَّهُ عَنْهُ أَرْبَعِينَ كَبِيرَةً"

 

"যে ব্যক্তি খাটিয়ার চার কোণ (পর্যায়ক্রমে) বহন করবে, আল্লাহ তাআলা তার চল্লিশটি কবিরা গুনাহ ক্ষমা করে দেবেন।"


মুহাদ্দিসগণের বিশ্লেষণ ও হাদিসের মান:


মুহাদ্দিসগণের বিশ্লেষণ অনুযায়ী, এই হাদিসটি অত্যন্ত দুর্বল (যয়িফ) বা পরিত্যক্ত (মুনকার)। 


এর গ্রহণযোগ্যতা নিয়ে বিশিষ্ট ইমামগণের মতামত নিচে দেওয়া হলো:


 - ইমাম আলবানী (রহ.) হাদিসটিকে 'মুনকার' (প্রত্যাখ্যাত) এবং 'যয়িফ জিদান' (অত্যন্ত দুর্বল) হিসেবে চিহ্নিত করেছেন। [দ্রষ্টব্য: সিলসিলাতুদ দায়িফাহ: ১৮৯১, যয়িফ আল জামি: ৫৫৬৬]


-  ইমাম হাইসামি (রহ.) বলেন, এই হাদিসের বর্ণনাকারীসূত্রে 'আলী বিন আবি সারা' নামের একজন রাবী আছেন, যিনি অত্যন্ত দুর্বল। [দ্রষ্টব্য: মাজমাউয যাওয়াইদ: ৩/২৯]

মোটকথা, জানাজার খাটিয়া বহন করা নিঃসন্দেহে সওয়াবের কাজ। তবে নির্দিষ্টভাবে '৪০ কদম' হাঁটা বা এর বিনিময়ে '৪০টি কবিরা গুনাহ মাফ' হওয়ার বিষয়টি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যদিও কতিপয় ফকিহ একে মুস্তাহাব বা উত্তম আমল হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু তা নির্ভরযোগ্য হাদিসের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত নয়।

আল্লাহু আলাম।

- আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি

#abdullahilhadi

Post a Comment

নবীনতর পূর্বতন