কোনো খাদককে যদি বুফেতে ছেড়ে দেয়া হয় আর সময় দেয়া হয় কম তাহলে সে যেমন বিপাকে পড়ে যায় তেমনি মাঝেমধ্যে হাদিসের দুআগুলো পড়তে গিয়ে এমন বিপাকে পড়ি। পড়তে পড়তে সেসব দুআ সামনে আসে। এত এত অসাধারণ দুআ আমাদের জাওয়ামিউল কালিম নবী আলাইহিস সালাম শিখিয়ে গেছেন যে কোনটা রেখে কোনটা পড়ি অবস্থা হয়ে যায়!
তেমনই একটা দুআ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। এই দুআতে নাই কী!
اللهمَّ بعِلْمِكَ الغيبَ وقُدْرَتِكَ عَلَى الخلَقِ ، أحْيِني ما علِمْتَ الحياةَ خيرًا لِي ، وتَوَفَّنِي إذا عَلِمْتَ الوفَاةَ خيرًا لي ، اللهمَّ إِنَّي أسألُكَ خشْيَتَكَ في الغيبِ والشهادَةِ ، و أسأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا والغضَبِ ، وأسألُكَ القصدَ في الفقرِ والغِنَى ، وأسألُكَ نعيمًا لَا ينفَدُ ، و أسالُكَ قرَّةَ عينٍ لا تنقَطِعُ ، وأسألُكَ الرِّضَى بعدَ القضاءِ ، وأسألُكَ برْدَ العيشِ بعدَ الموْتِ ، وأسألُكَ لذَّةَ النظرِ إلى وجهِكَ ، والشوْقَ إلى لقائِكَ في غيرِ ضراءَ مُضِرَّةٍ ، ولا فتنةٍ مُضِلَّةٍ ، اللهم زيِّنَّا بزينَةِ الإيمانِ ، واجعلنا هُداةً مهتدينَ
আল্লা-হুম্মা বি-ইলমিক আল গাইবি ওয়া কুদরাতিকা আলাল খালকি আহয়িনী মা আলিম্তাল হায়া-তা খাইরাল্লী, ওয়া তাওয়াফ্ফানী ইযা আলিম্তাল ওয়াফা-তা খাইরাল্লী। আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খাশ-ইয়াতাকা ফিল গাইবি ওয়াশ-শাহাদাতি, ওয়া আসআলুকা কালিমাতাল হাক্কি ফির-রিদা ওয়াল-গাদাবি। ওয়া আসআলুকাল কাসদা ফিল ফাকরি ওয়াল গিনা, ওয়া আসআলুকা না-ঈমান লা ইয়ানফাদ, ওয়া আসআলুকা কুররতা আইনিন লা তান-কতি’উ, ওয়া আস্আলুকার-রিদা বা‘দাল কাদায়ী, ওয়া আসআলুকা বারদাল আইশি বা‘দাল মাওতি, ওয়া আসআলুকা লাজ্জাতান-নাযারি ইলা ওয়াজহিকা, ওয়াশ-শাওকা ইলা লিকা-ইকা, ফী গাইরি দাররা-আমুদির-রাতিন, ওয়ালা ফিতনাতিম মুদিল্লা(ত)। আল্লা-হুম্মা যাইয়্যান্না বিযী-নাতিল ঈমান, ওয়াজ‘আলনা হুদাতাম মুহতাদ্বীন।
[সুনানে নাসাঈ ১৩০৫]
এই দুআটা কে করছেন জানেন! আমাদের নিয়ামত দেনেওয়ালা রহীম ও কারীম রবের কাছে তার প্রেমাস্পদ আমিনার বুলবুল মুহাম্মদ রাসূলুল্লাহ করছেন!
এই দুআতে নাই কী! এই দুআ তিনি করছেন যেন তার উম্মত শিখে যায় কীভাবে মালিকের কাছে হাত পাততে হয়। কীভাবে এমন আযীমুশ শান দেনেওয়ালার কাছে হাত পাতলে কত বড় বড় জিনিস চাইতে হয়। দেনেওয়ালা শিখিয়ে যাচ্ছেন তার মাহবুবের মাধ্যনে আনেওয়ালা উম্মতকে কীভাবে আমরা চাইব।
প্রত্যেকটা শব্দে কি নিদারুন প্রেমময় শৈলী! কি নিখুঁত ছন্দোবদ্ধতা! যেন এক উচ্ছল ঝর্ণার ফোয়ারা চৌচির যমিনের বুকে ছলকে ছলকে ফেটে পড়ছে। সিক্ত করে যাচ্ছে কাতর আশিকের হৃদয় প্রেমের ফোয়ারায়।
এত সুন্দর শব্দ কীভাবে হয়!
আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ!
একটি মন্তব্য পোস্ট করুন