৩ রকম কলপ

 May be an image of one or more people, beard and text that says '৩ রকম কলপ গুড গুডবেটর-রেষ্ট গুড-বেটার বেটার বেস্ট'

 এতদিন জানতাম শুধু কটকটা কমলা রঙের কলপ দেয়া যায়। কিন্তু নবিজির প্রেফারেন্স ছিল আরেকটা।
তিনি বরং ‘কাতাম’ মেশানো ডার্ক ব্রাউনিশ কলপ প্রেফার করতেন সাদা চুলে।
একবার নবিজির সামনে দিয়ে এক লোক যাচ্ছিলেন চুলে মেহেদির কলপ দিয়ে। নবিজি ﷺ দেখে বললেন, ‘কী সুন্দর!’
এরপর দেখা গেল আরেকজন গেলেন যার চুলে ছিল ‘কাতাম’ মেশানো মেহেদির কলপ। নবিজি ﷺ বললেন, “এ তো এর চেও ভালো।”
একটু পরে আরেক লোক গেলেন। তার চুলে ছিল হলুদাভ সোনালি কলপ ( خضب بالصفرة)। নবিজি ﷺ বললেন, 
«هذا أحسن من هذا كله»"
“এটা সেরা।” (সুনান আবু দাউদ, হাদিস ৪২১১)
নবিজির স্ত্রী উম্মু সালামা একবার নবিজির কিছু চুল বের করে দেখিয়েছিলেন। সেই চুলগুলোতে কাতাম আর মেহেদি মেশানো কলপ ছিল। (সহিহ বুখারি, হাদিস ৫৮৯৭ ও ৫৮৯৮; তবে কাতাম ও মেহেদির মিশ্রণের কথাটি আরও সুনির্দিষ্টভাবে এসেছে সুনান ইবনে মাজাহ, হাদিস ৩৬২৩ এবং মুসনাদ আহমাদ, হাদিস ২৬৭১৩-তে)
আবু বাক্‌রও কাতাম মেশানো মেহেদি দিয়ে গাঢ় খয়েরি রঙের কলপ করতেন। রাদিয়াল্লাহু আনহু। (সহিহ বুখারি, হাদিস ৩৯২০ ও ৩৯২২)
কিন্তু টুইস্ট আরও বাকি আছে।
ইবনুল-কায়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, কালো রঙের কলপও দেয়া যায় শর্ত সাপেক্ষে।
তিনি বলেছেন একেবারে কুচকুচে কালো কলপ দেয়া যাবে না, “কালো কলপ মাখতে নিষেধ করা হয়েছে মূলত ধোঁকা দেওয়ার ভয় থাকলে। কোনো দাসী বা বয়স্ক নারী যদি স্বামী বা মনিবকে ধোঁকা দেওয়ার জন্য চুলে কালো কলপ মাখে, কিংবা কোনো বুড়ো লোক কম বয়সী সাজার জন্য চুলে কালো কলপ ব্যবহার করে—এগুলো স্রেফ ধোঁকাবাজি। কিন্তু যেখানে ধোঁকা দেওয়ার ব্যাপার নেই, সেখানে কালো কলপ মাখায় সমস্যা নেই।” (যাদুল মাআদ ৪/৩৩৬; তিব্বুন-নাবাওয়ি অধ্যায়)
তিনি উদাহরণ হিসেবে নবিজির দুই নাতী হাসান-হুসাইনের কথা বলেছেন। তাঁরা কালো কলপ মেখেছেন। রাদিয়াল্লাহু আনহুমা।
এছাড়া তিনি আরও যাদের নাম করেছেন তাঁদের মাঝে আছেন বাঘা বাঘা সব সাহাবি:
• উসমান বিন আফফান
• আব্দুল্লাহ বিন জাফর
• সাদ বিন আবি ওয়াক্কাস
• উকবা বিন আম্‌র
• মুগিরা বিন শুবা
• জারির বিন আব্দুল্লাহ
• আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুম।
তাবিয়িরাও এমনটা করেছেন বলে তিনি জানিয়েছেন।
সাঁটকথা, সাদা চুলে কলপ মাখা নবিজির সুন্নাহ। তবে সেই কলপ শুধু কটকটা কমলা হতে হবে এমন কোনো কথা নেই।
বরং কটকটা কমলাটাই দেখা যাচ্ছে কম প্রেফারেবল।
সবচে উমদা হচ্ছে কাতাম মেশানো মেহেদি। এটায় একটা ডার্ক ব্রাউনিশ লুক আসে।
সোনালি হলুদাভও কলপও করা যায়।
আর শর্ত-সাপেক্ষে হালকা কালো কলপ।
আল্লাহ ভালো জানেন।
[আপডেট ১৭-৪-২০২৬, ১২:৩২ পিএম: ছবি পাল্টেছি। হাদিসের রেফারেন্স নাম্বার দিয়েছি]
কাতাম হচ্ছে মেন্দির মতো একরকম ভেষজ গাছ। আমাদের এদিকে সম্ভবত এই জিনিসটা হয় না।

Post a Comment

নবীনতর পূর্বতন