প্রশ্ন : জানাযার ছালাতে মাসবূক কিভাবে ছুটে যাওয়া ছালাতের ক্বাযা আদায় করবে?
উত্তর : ফরয ছালাতের ক্বাযা আদায়ের মতই জানাযার ছালাতের ক্বাযা আদায় করবে। অর্থাৎ ইমামের সাথে যা পাবে তা তার অংশ ধরে পঠিতব্য সূরা ও দো‘আগুলো পাঠ করবে এবং ছুটে যাওয়া তাকবীর ও দো‘আগুলো ইমামের সালাম ফিরানোর পর পাঠ করবে। শায়েখ বিন বায রহ. সহ সালাফী বিদ্বানগণ বলেন, জানাযার ছালাতে কারো কিছু তাকবীর ছুটে গেলে তা পরে আদায় করে নেওয়া সুন্নাত। এটি নবী করীম ﷺ এর সাধারণ নির্দেশনার আলোকে প্রমাণিত। তিনি বলেছেন, ‘যখন ছালাতের ইক্বামত দেওয়া হয়, তখন তোমরা ধীরস্থিরতা ও গাম্ভীর্যের সাথে ছালাতের দিকে এগিয়ে যাও। ছালাতের যতটুকু ইমামের সাথে পাবে ততটুকু আদায় কর, আর যা ছুটে যাবে তা পরে পূর্ণ কর (১)
ছুটে যাওয়া তাকবীর আদায়ের নিয়ম হ’ল ইমামের সাথে যেখান থেকে ছালাত শুরু করা হয়েছে সেটিকে ছালাতের প্রথম অংশ গণ্য করবে। আর ইমামের সালামের পর যা আদায় করা হবে তা ছালাতের শেষ অংশ হিসাবে গণ্য করবে। যেমন যদি কেউ ইমামকে তৃতীয় তাকবীরের সময় পায়, তবে সে তাকবীর দিয়ে ছালাতে শরীক হয়ে প্রথমেই সূরা ফাতিহা পড়বে। এরপর ইমাম যখন চতুর্থ তাকবীর দেবেন তখন সেও তাকবীর দিবে এবং দরূদ পড়বে। ইমাম সালাম ফিরিয়ে ছালাত শেষ করলে ঐ ব্যক্তি সালাম না ফিরিয়ে নিজের বাকী থাকা তাকবীরটি দিবে এবং মৃত ব্যক্তির জন্য জানাযার দো‘আটি দ্রুত পাঠ করবে। এরপর চতুর্থ তাকবীর দিয়ে সে নিজে সালাম ফিরিয়ে ছালাত শেষ করবে (২) উল্লেখ্য যে, মাসবূক ছালাত সমাপ্ত করে সালাম ফিরানোর পর লাশ সরিয়ে নিবে।
তথ্য সুত্র :
(১) বুখারী ৬৩৫; মিশকাত ৬৮৬। (২) মাজমূ‘ ফাতাওয়া ১৩/১৪৯; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৮/৩৯৯। আত তাহরীক, ফেব্রুয়ারি ২০২৬

একটি মন্তব্য পোস্ট করুন