ঈদের ছালাত আদায়ের সঠিক পদ্ধতি কেমন

 প্রশ্ন : ঈদের ছালাত আদায়ের সঠিক পদ্ধতি কেমন? 


উত্তর : ঈদের ছালাত দুই রাকআত। ঈদের ছালাতের সময় শুরু হয় সূর্য উদিত হওয়ার পর থেকে। একদা রাসূলুল্লাহ ﷺ এর ছাহাবী আব্দুল্লাহ ইবনু বুসর রাযিয়াল্লাহু আনহু লোকদের সাথে ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহার ছালাত আদায় করতে যান। ছালাত আরম্ভ করতে ইমাম দেরি করায় তিনি অসন্তুষ্টি প্রকাশ করে বললেন, রাসূলুল্লাহ ﷺ এর যুগে এ সময় আমরা ঈদের ছালাত আদায় শেষ করতাম। ঈদের ছালাতের পদ্ধতি হলো প্রথম রাকআতে তাকবীরে তাহরীমাসহ সাতটি অতিরিক্ত তাকবীর বলতে হবে। এরপর সূরা ফাতিহা পড়ে সূরা আ‘লা অথবা সূরা ক্বাফ পড়তে হবে। 


দ্বিতীয় রাকআতে তাকবীরে ক্বিয়াম ছাড়া পাঁচটি তাকবীর বলতে হবে। এরপর সূরা ফাতিহা পড়ে সূরা গাশিয়াহ অথবা সূরা ক্বামার পড়তে হবে। ছালাত শেষে ইমাম খুৎবা প্রদান করবেন, যাতে তিনি মানুষদের নছীহত করবেন, উপদেশ দেবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ﷺ ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনে ঈদগাহে যেতেন। তিনি প্রথমেই ছালাত শুরু করতেন। ছালাত শেষ করে ফিরে এসে মানুষের সামনে দাঁড়াতেন আর মানুষ সারিবদ্ধ ভাবে বসে থাকত। তখন তিনি তাদের উপদেশ দিতেন, নছীহত করতেন এবং নির্দেশনা দিতেন। আর যদি কোনো বাহিনী পাঠানোর বা কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন হতো, সেটিও তিনি দিতেন, তারপর ফিরে যেতেন।


সুত্র : আবূ দাঊদ, ১১৩৫, ১১৪৯ ইবনু মাজাহ, ১২৮০, ১২৮০; ছহীহ বুখারী, ৯৫৬ ছহীহ মুসলিম, ৮৮৯; আল ইতিছাম, মার্চ ২০২৬

 

Salafi scholars সালাফি স্কলার্স

Post a Comment

নবীনতর পূর্বতন